তামিলনাড়ুতে ধর্মঘটে একাধিক ইউনিয়ন; কোথাও থমকে, কোথাও স্বাভাবিক পরিষেবা

চেন্নাই, ৯ জানুয়ারি (হি.স.): বাস চালক ও কন্ডাক্টরের পদ পূরণ এবং রাজ্যজুড়ে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মহার্ঘভাতা-মুক্তি সহ একাধিক দাবিতে তামিলনাড়ুতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছে। পরিবহন কর্তৃপক্ষ এবং ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে আলোচনায় মীমাংসা না হওয়ায় এই ধর্মঘট শুরু হয়েছে। তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু, নাগাপট্টিনম ও থুতুকুদিতে এই ধর্মঘটের মোটামুটি প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে, রাজধানী চেন্নাইয়ে প্রভাব পড়েনি বলেই দাবি করেছেন তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী এসএস শিবশঙ্কর। ট্রান্সপোর্ট ইউনিয়নের ধর্মঘটের ঘোষণার প্রেক্ষিতে মঙ্গলবার কোয়াম্বেদু বাসস্ট্যান্ড পরিদর্শন করার পরে তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী এসএস শিবশঙ্কর বলেছেন, “সামগ্রিকভাবে বাস চলাচল খুবই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, আমরা নিরাপত্তার এবং সমস্ত যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের যত্ন নিচ্ছি। পরিবহন ইউনিয়ন ছয় দফায় পদক্ষেপের দাবি করেছে, যার মধ্যে দু’টি ইতিমধ্যেই পূরণ হয়েছে… আমি ট্রেড ইউনিয়নগুলির কাছে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করছি।”