নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ জানুয়ারি : গণধর্ষণের ঘটনায় জড়িত এক পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ২০০৫ সালে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের একটি গণধর্ষনের ঘটনার আসামি বিট্টু দাস এতদিন পর্যন্ত পলাতক ছিল। বিভিন্ন সময় তাকে আটক করার জন্য পুলিশ নানাভাবে জাল বিছানোর পরও সে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগ করে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল। বিট্টু দাসের বাবার নাম বিপুল দাস,তার বাড়ি ধর্মনগরের আলগাপুরে।
সোমবার গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ বিট্টু দাস বাড়িতে এসেছে জেনে তার বাড়িতে হানা দেয়। ইদানিং বিট্টু দাসের পায়ে কিছুটা অসুবিধা থাকায় সে ঠিক করে হাঁটতে পারে না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর থানার পুলিশ বিট্টু দাস (৩৪) কে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। আজ তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উল্লেখ্য ঘটনাটি কৈলাসহরের জগন্নাথপুর এলাকায় ঘটেছিল। এই গণধর্ষনের ঘটনায় তিনজন অভিযুক্ত ছিল। তার মধ্যে একজন কারাবাস করে সাজা কেটে মুক্তি পেয়েছে। এই মামলার আরো এক আসামী এখনো পলাতক রয়েছে। পলাতক অপর আসামিকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

