ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা পরিদর্শন করলেন স্ট্যালিন, দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী

চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভাসছে চেন্নাই, একটানা বৃষ্টিতে চেন্নাইয়ের বিভিন্ন এলাকা জলের তলায়। নৌকায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার চেন্নাইয়ের ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা পরিদর্শন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। কেন্দ্রকে চিঠি লিখেছেন স্ট্যালিন, মোদী সরকারের কাছে ৫ হাজার কোটি টাকা দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। চেন্নাইয়ে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, মঙ্গলবার চেন্নাই বিমানবন্দরে উড়ান পরিষেবা স্বাভাবিক হয়েছে।

চেন্নাইয়ের মাদুরভোয়াল এলাকায় বৃষ্টির জল বাড়ি-ঘরে প্রবেশ করেছে এবং অবিরাম বৃষ্টির ফলে রাস্তা প্লাবিত। চেন্নাইয়ের পশ্চিম তাম্বারাম সিটিও কলোনি এবং শশীবর্ধন নগর এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দারা নৌকা ব্যবহার করছেন। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “আমি ২০১৭ সাল থেকে এই এলাকায় বসবাস করছি, প্রতি বছরই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের সমাধান দরকার…আমাদের বাড়ির প্রথম তলা ডুবে গিয়েছে, সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”