কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম দেবাশিস দাস (৫৭)। তিনি হাওড়া সিটি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ঘটনাটি বুধবার রাত দশটা নাগাদ বেতাইতলা এলাকায় ঘটে। মৃত্যুর ঘটনায় পরিবারের নেমে আসে শোকের ছায়া। জানা গিয়েছে, পুলিশ কর্মী দেবাশিস দাস ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বেতাইতলার মোড় থেকে ব্রিজে ওঠার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রেলার তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার বিষয়ে লক্ষ্য করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা দেখে বেশ কিছু ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে আসেন। দেবাশিস বাবুকে উদ্ধার করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর ট্রেলারটি দুর্ঘটনা স্থল থেকে চলে যায়।



















