আগরতলা , ৩১ আগস্ট:উত্তর ত্রিপুরা জেলা আইনি সেবা কতৃপক্ষের উদ্যোগে কদমতলা থানাধীন ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকার বিবাহ বন্ধ করা হয়।
সংবাদে প্রকাশ ২৮শে আগষ্ট গোপন সূত্রের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা আইনি সেবা কতৃপক্ষের আইন সেবকের কাছে খবর আসে যে কদমতলা থানার অন্তর্গত ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকা কন্যার বিবাহের প্রস্তুতি চলছে।
ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা আইনি সেবা কতৃপক্ষের আইন সেবক ধর্মনগর মহকুমা প্রশাসনের সাথে যোগাযোগ করেন এবং ধর্মনগর মহকুমা প্রশাসন ও কদমতলা থানাকে সাথে নিয়ে আইন সেবক (পিএলভি) ঘটনা স্থলে ছুটে গিয়েছেন এবং নাবালিকার অভিভাবকদের সাথে কথা বলে বিবাহ বন্ধ করানো হয়।
সেই সঙ্গে নাবালিকার অভিভাবকরা লিখিত ভাবে আস্বস্থ করেন যে নাবালিকা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের নাবালিকা কন্যাকে বিবাহ দেবেন না।
উত্তর ত্রিপুরা জেলা আইনি সেবা কতৃপক্ষের পক্ষ থেকে জানিয়েছে ,ওই এলাকায় আগামী দিনেও এ ধরনের বাল্যবিবাহের ঘটনা না ঘটে সে বিষয়ে নজর রাখা হবে এবং এলাকায় আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে।

