আগরতলা, ৭ আগস্ট : বিলোনিয়া পৌর পরিষদে সাতজনের চাকরির অফার বন্টনকে কেন্দ্র করে তোলপাড় শেষ হতে না হতেই আবারো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি অফারকে কেন্দ্র করে শোরগোল বিলোনিয়া মহকুমায়। অর্থের বিনিময়ে চাকরির অফারগুলো বন্টন করা হচ্ছে এই অভিযোগ উঠছে দলীয় কর্মীদের পক্ষ থেকে। বিলোনিয়া মন্ডল সভাপতি সহ ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ইশারায় নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরির অফার গুলি বাঁকা পথে দেওয়া হচ্ছে এই অভিযোগও রয়েছে দলীয় কর্মীদের পক্ষ থেকে। এই ক্ষোভ উগরে দিয়ে দলীয় কার্যকর্তারা তালা ঝুলিয়ে দেয় এক অঙ্গওয়াড়ি সেন্টারে। ঘটনা সোমবার সকালে বিলোনিয়া মনুরমুখ এলাকার আমতলী অঙ্গনওয়াড়ি সেন্টারে। তালা ঝুলিয়ে রেখে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের দাবি চাকরির অফার কেলেঙ্কারির ক্ষেত্রে যাতে হস্তক্ষেপ করে সুষ্ঠু সমাধান করেন।
এছাড়া দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের অভিযোগ বুথ কমিটি ও গ্ৰাম পঞ্চায়েতকে ডিঙ্গিয়ে কি করে মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চাকরির অফারগুলি বন্টন করে দিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফার দেওয়ার ক্ষেত্রে বুথ সভাপতি যেমন জানেন না, তেমনি জানেন না এস বিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এই নিয়ে শোরগোল দলীয় কর্মীদের মধ্যে। তাদের অভিযোগ ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়ে গেছে। আর অন্যদিকে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ভাগ্যে জোটেনি অফার। তাই তারা এই দিন তালা ঝুলিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এখন দেখার বিষয় সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে।

