নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): মুদ্রাস্ফীতি ও বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার টুইট করে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, মোদী সরকারের লুটের জন্য মুদ্রাস্ফীতি ও বেকারত্ব উভয়ই ক্রমাগত বাড়ছে। বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরেছেন খাড়গে। টুইটে তিনি লেখেন, “মোদী সরকারের লুটের কারণে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব উভয়ই ক্রমাগত বাড়ছে। কিন্তু বিজেপি ক্ষমতার লোভে মগ্ন। সবজির দাম আকাশ ছোঁয়া। দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৫%, গ্রামে বেকারত্বের হার ৮.৭৩%। গ্রামে গ্রামে মনরেগা-র চাহিদা শীর্ষে, কিন্তু কাজ নেই। গ্রামীণ মজুরির হার কমেছে।”
প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে খাড়গে আরও উল্লেখ করেছেন, “দেশের মানুষ জানে নির্বাচনের আগে আপনারা ‘আচ্ছে দিন’, ‘অমৃত কাল’-এর মতো স্লোগানে কাজ করছেন, যাতে বিজ্ঞাপনের সাহায্যে আপনাদের ব্যর্থতা আড়াল করা যায়। কিন্তু এবার তা হবে না, জনগণ সচেতন হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে আপনাদের ফাঁপা স্লোগানের জবাব দেবে। ক্ষমা করা তো দূরের কথা… জনগণ বিজেপিকে ক্ষমতা থেকে মুছে দেবে।”

