নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ তেলিয়ামুড়া থানার অন্তর্গত নেতাজি নগরের লোকনাথ মন্দির সংলগ্ণ এলাকার এক ভাড়া বাড়িতে টিএসআর দ্বাদশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানের রহস্যজনক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে৷
জানা গেছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার থানাধীন নারাইফুং গ্রামের টিএসআর জওয়ান নিমাই ভিল দীর্ঘদিন ধরেই চাকুরি সূত্রে নেতাজিনগর এলাকায় নিজের দ্বিতীয় স্ত্রী’’কে সঙ্গে নিয়ে ভাড়া থাকতেন৷ সূত্রের খবর মঙ্গলবার দুপুরে বাড়িতে অবস্থানকালেই কোনোভাবে জওয়ান বিদ্যুতের সংস্পর্শে এসে মাটিতে লুটিয়ে পড়েন৷ পরবর্তী সময়ে বিষয়টা জানাজানি হওয়ার পর তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সংশ্লিষ্ট জাওয়ানকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন৷ পরবর্তীতে বিকেলে ময়নাতদন্ত শেষে টিএসআর জওয়ান নিমাই ভিলের মৃতদেহ পরিবার পরিজনদের হাতে দেওয়া হয়৷ এব্যাপারে পরিবারের সদস্যরা মুখ খুলতে নারাজ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্তে নেমেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত রহস্য উন্মোচিত হবে৷ এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷৷

তেলিয়ামুড়ায় টিএসআর জওয়ানের রহস্যজনক মৃত্যু নিজের বাড়িতেই
Tags:


















