পোলস্টার-১৭৮ & ১০৭
চলমান-২০৮ & ৮১/১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।।
দুরন্ত জয়। আর ওই জয়ে আসরের প্রথম ম্যাচেই খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেলো চলমান সঙ্ঘ। পোলস্টারের বিরুদ্ধে দুদিনের ম্যাচে চলমান সঙ্ঘ জয়লাভ করে ৯ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিনে বৃহস্পতিবার চলমান সঙ্ঘের সামনে জয়ের জন্য দরকার ছিলো ৭৮ রান। চলমান ১২.৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে পোলস্টারের ১৭৮ রানের জবাবে চলমান সঙ্ঘ প্রথম ইনিংসে ২০৮ রান করেছিলো। ৩০ রানে পিছিয়ে থেকে পোলস্টার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৭ রান করতে সক্ষম হয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে বিধ্বংসী ছিলেন দেবোত্তম ঘোষ। দুই ইনিংসে দেবোত্তম ৮ উইকেট দখল করেন। পোলস্টারের ১৭৮ রানের জবাবে প্রথম দিনের শেষে চলমান ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছিলো। শেষ দিকে অমিত দাস ৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে দলকে লিড এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছেন। পোলস্টারের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য (৩/৩৬) সফল বোলার। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চলমানে পেস,স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পোলস্টারের ব্যাটসম্যান-রা। দলের পক্ষে অরিন্দম বর্মন ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং শিবম পান্ডে ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। চলমানের পক্ষে দেবোত্তম ঘোষ (৪/২৮) এবং কৃষ্ণধন নম: (৪/৩৬) সফল বোলার। ৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১২.৩ ওভারে ১ উইকেট হাইরয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চলমান সঙ্ঘ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সফল ওপেনার তন্ময় দাস। দ্বিতীয় ইনিংসেও করেন অর্ধশতরান। তন্ময় ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রানে এবং আরমান হুসেন ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৭ রানে অপরাজিত থেকে যান।

