প্যারিস, ১৬ এপ্রিল(হি.স.): দিন কয়েক আগেই ক্রিস্টিয়ানো রোনলদোর একটি রেকর্ড কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন মেসি। আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা মেসি লিগ ওয়ানে খেলতে নেমে শনিবার গোল করেই বসেছেন রোনালদোর পাশে। আর মাত্র একটি গোল হলেই পর্তুগিজ মহাতারকাকে পেছনে ফেলে শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।
শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লেন্সের বিপক্ষে খেলতে নেমে ৩-১ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে প্যারিসিয়ানদের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন মেসি। এই গোলটি করেই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রোনালদো ও মেসির গোলসংখ্যা এখন ৪৯৫।
ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় রোনালদোর সামনে সুযোগ নেই আর গোল বাড়িয়ে নেয়ার। কিন্তু মেসির সামনে সুযোগ থাকছে রেকর্ড ভেঙে নিজেকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার।

