পূর্ব মেদিনীপুর, ৩ এপ্রিল (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে খেজুরিতে গিয়ে বাম ও বিজেপিকে বিঁধে একযোগে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময়ে গদ্দাররা ঘরে বসে ছিল।
মঞ্চ থেকে বলেন, একসময়ে খেজুরিতে সিপিএমের অত্যাচারে ঢোকা যেত না। তাঁর দাবি, সিপিএম হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ। শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন, নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয়ের সময়ে গদ্দাররা বাড়িতে লুকিয়ে ছিলেন। কটাক্ষ, ‘নন্দীগ্রাম আন্দোলনের সময়ে কোনও আঁচড় লাগেনি বাবুর গায়ে’। সেই সময় প্রতিবাদে নেমেছিলেন তিনি নিজে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর ওপরে পেট্রোল বোমা- মদের বোতল নিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি যতদিন বাঁচব ততদিন আমায় আন্দোলন থেকে কেউ রুখতে পারবে না’। তাঁর পরেই শিশির পুত্রের নাম না করে বলেন, ‘ঈশ্বর- আল্লা তেরে নাম/ সবকো সুমতি দে ভগবান’। কোনও নাম উল্লেখ না করেন তিনি বলেন, দলবদলের আগে সমস্ত সুবিধা নিয়েছেন যে, সে এখন বড় বড় কথা বলছে’।
বলেন, এই সব কিছুর জবাব মানুষ দেবে। অভিযোগ, খেজুরি-তমলুক-নন্দীগ্রামের ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছেন সেই বিশ্বাসঘাতক। বিধানসভা নির্বাচনের আগে পা ভেঙেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছিল। মানে, এদিন তিনি ফের তুললেন চক্রান্তের অভিযোগ। বলেন, সেই পা এখনও পুরোপুরি ভালো হয়নি।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ঠাকুরনগর মঞ্চে এদিন তিনি উপস্থিত ছিলেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। ৩ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার মঞ্চ থেকে প্রায় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

