নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ প্রাক্তন বিধায়ক সুভাষ দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নলছড় বাসীর৷ মারধর করেছে গাড়ি চালককে৷ সুষ্ঠু তদন্তের দাবী করলেন গ্রামবাসী৷
চার বছর এক মাস বিধায়কের গাড়ি চালিয়ে ভাগ্যে জোটেনি বকেয়া পারিশ্রমিক৷ প্রায় কুড়ি হাজার টাকা বকেয়া রয়েছে এই গাড়ি চালকের৷ অসহায় গাড়ি চালক সংসার পরিচালনা করতে না পেরে শনিবার রাতে প্রাক্তন বিধায়কের কাছে যান৷ তখন প্রাক্তন বিধায়কের ছেলে সুব্রত দাস ও দেবব্রত দাস বাড়িতে নিয়ে গাড়ি চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ পরবর্তী সময় প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে কোনক্রমে প্রানে বেঁচে ফিরেন গাড়ি চালক৷ এই ঘটনার সাথে জড়িত রয়েছেন বিধায়কের ভাই সুকুমার দাস৷ এ নিয়ে গ্রামবাসী এবং গাড়ির চালক অভিযোগ তুলেন, বিজেপির প্রাক্তন বিধায়ক সুভাষ দাস চোর দুর্নীতিবাজ৷ সুভাষ দাস নলছড়ের প্রাক্তন বিধায়ক৷ এলাকাবাসীর আরো অভিযোগ সুভাষ দাস সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে লড়াই করার সুযোগ না পেয়ে এক প্রকার ভাবে তিনি পাগল হয়ে গেছেন৷ এলাকায় বিজেপি মনোনীত প্রার্থী কিশোর বর্মন যাতে সিপিআইএম প্রার্থীর কাছে পরাজিত হয় তার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন বলে জানান স্বদলীয় কর্মীরা৷ গ্রামের মহিলাদের আরো অভিযোগ প্রাক্তন বিধায়ক সোনামুড়া থানা আবার মিথ্যা মামলাও করেছেন৷ এলাকাবাসী প্রাক্তন বিধায়কের কঠোর শাস্তি দাবি করলেন৷
2023-03-13

