সাংবাদিক হেনস্থার প্রতিবাদে সিপাহীজলা জেলা শাসকের কার্য্যালয়ে ধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ বিশালগড় প্রেসক্লাবের সভাপতিকে হেনস্থা করা  প্রতিবাদে বিশালগড় প্রেসক্লাব সহ সিপাহীজলা জেলার সমস্ত কর্মরত সাংবাদিকরা সোমবার সকাল দশটায় সিপাহী জলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ধর্নায় বসেন৷ গত ২ মার্চ গভীর রাতে বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষকে টাকারজলা থানার ওসি দেবেন্দ্র রিয়াং  থানায় তুলে নিয়ে গিয়ে  হেনস্থা করে৷ বিনা অপরাধে সাংবাদিককে হেনস্থা করায় গত ৩রা মার্চ  বিশালগড় প্রেসক্লাব সহ সিপাহীজলা জেলার সমস্ত সাংবাদিকরা টাকারজলা থানার ওসি দেবেন্দ্র রিয়াং এর শাস্তির দাবি জানিয়ে সিপাহী জলা জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছিলেন৷  ১১ দিন হয়ে গেলেও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি দেবেন্দ্র রিয়াং এর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷  সাংবাদিকরা আজ একত্রিত হয়ে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ধর্নায় বসে৷ ধর্নায় বসে সাংবাদিকরা ওসির দেবেন্দ্র রিয়াং এর বরখাস্তের দাবিতে স্লোগান তুলে৷  জেলা পুলিশ প্রশাসন থেকে  বলা হয়েছে টাকারজলা থানার ওসিকে আপাতত সরিয়ে আনা হয়েছে৷ তার বিরুদ্ধে তদন্ত করে  পদক্ষেপ গ্রহণ করা হবে৷ আপাতত সেই আশ্বাস পেয়ে সাংবাদিকরা ধর্না প্রত্যাহার করে৷ সোমবারের এই ধর্নায় উপস্থিত ছিলেন বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি সমির ভৌমিক, সহ-সম্পাদক খোকন ঘোষ, বরিষ্ঠ সাংবাদিক জীবন সাহা, উদয়ন চৌধুরী সহ বিশালগড়ের অন্যান্য সাংবাদিকরা৷ এই ধর্নায় উদয়পুরের মহকুমা সাংবাদিকও অংশগ্রহণ করেছিলেন৷