ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।।প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হলো শক্তিশালী সোনামুড়া কোচিং সেন্টার। বুধবার ফাইনালে সোনামুড়া কোচিং সেন্টার ৭ উইকেটে পরাজিত করে বীরবিক্রম ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। এদিন স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে মহকুমার সেরা হয় সোনামুড়া কোচিং সেন্টার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে বীরবিক্রম ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সোনামুড়া কোচিং সেন্টার। রাইহান আহমেদ এবং সাগর দাসের দুরন্ত বোলিংয়ে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় বীরবিক্রম ক্লাব। দলের পক্ষে একমাত্র রীতেশ নম: দুই অঙ্কের রানে পা রাখতে পারে। রীতেশ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দলের ৪ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। সোনামুড়া কোচিং সেন্টারের রাইহান আহমেদ (৩/১১) এবং সাগর দাসের (৩/১৩) দুরন্ত বোলিং করে। জবাবে খেলতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার মহ: জুয়েল হুসেন ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া আবু বক্কর চৌধুরি ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।
2023-03-08

