ডুমডুমায় আইটিবিপি জওয়ানের আত্মহত্যা, ময়না তদন্তের জন্য তিনসুকিয়া সিভিল হাসপাতালে মৃতদেহ

তিনসুকিয়া (অসম), ১ মার্চ (হি.স.) : তিনসুকিয়া জেলার ডুমডুমায় আত্মহত্যা করেছেন আইটিবিপি-র জনৈক জওয়ান। আজ বুধবার ময়না তদন্ত করতে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়েছে তিনসুকিয়া সিভিল হাসপাতালে।

ঘটনা গতকাল মধ্যরাতে ডুমডুমা শহরে সংগঠিত হয়েছে। আত্মঘাতী জওয়ানকে হরিয়ানার বাসিন্দা অশোক কুমার বলে শনাক্ত করা হয়েছে। নিজের সাৰ্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। জওয়ান অশোক কুমার ডুমডুমা শহরে অবস্থিত অ্যাভিয়েশন রিসার্চ সেন্টারে (এআরসি) মোতায়েন ছিলেন। তবে কী কারণে তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

পুলিশের তদন্তকারী অফিসার এ সম্পর্কে তথ্য দিয়ে জানান, ইতিমধ্যে হরিয়ানায় তাঁর পরিবারকে ঘটনা জানানো হয়েছে। পরিবারের কেউ আসলে নিহত অশোক কুমারের মৃতদেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। না আসলে তাঁদের ইচ্ছানুসারে মৃতদেহ তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন আইটিবিপি কর্তৃপক্ষ।