ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। পিছিয়ে গেলো প্রদর্শনী ফুটবল ম্যাচ। ভিসা সমস্যায়। ২৯ জানুয়ারি কুমিল্লা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলো রাজ্য ফুটবল সংস্থা। উমাকান্ত মিনি স্টেডিযামে ওই দিন ত্রিপুরা একাদশের বিরুদ্ধে ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু ভিসা সমস্যা দেখা দেওয়ায় বাধ্য হয়েই একদিন পিছিয়ে দেওয়া হলো ওই প্রস্তুতি ম্যাচ। সোমবার ওই ম্যাচ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে রবিবার রাজ্যে আসছেন পার্শবর্তী দেশের ফুটবলাররা। সোমবার প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে মঙ্গলবার নিজ দেশে ফিরে যাবেন ফুটবলাররা। ওই ম্যাচটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব কৃষ্ণ সরকার এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2023-01-27

