ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। লুইস এসে গেছেন আগেই। এবার ফরওয়ার্ড ক্লাবের হয়ে খেলার জন্য দ্বিতীয় বিদেশি ফুটবলারও এসে গেলেন। নাম তার হাফিজ। গোল স্কোরার হিসেবে দক্ষতা রয়েছে তার। শুক্রবার সন্ধ্যার বিমানে রাজ্যে এসে পৌঁছলেন এই নাইজেরিয়ান ফুটবলার। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হাফিজ। প্রথমবারের মতো ভারতে আসা হাফিজের। ক্লাবের কর্ম কর্তারা আশাবাদী সে নান্দনিক ফুটবলই উপহার দেবে ফরওয়ার্ড ক্লাবের হয়ে রাখাল শিল্ড ও এ ডিভিশনে।নাইজেরিয়া তো বটেই সঙ্গে নেপাল এবং বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে, আসন্ন রাখাল শিল্ড ফুটবল ও প্রথম ডিভিশন ফুটবলকে ঘিরে জোরদার প্ৰস্তুতিতে মগ্ন রামকৃষ্ণ ক্লাবও। বরাবরের মতো এবারও ময়দানে একটি ভালো দল নামাতে প্রস্তুত ক্লাবের কর্মকর্তারা। বিগত দিনে এই ক্লাবের বহু নামি ফুটবলার খেলে গেছেন উমাকান্ত ময়দানে। আর এবার তো ফুটবলারদের জন্য বাড়তি পাওনা সিনথেটিক ফুটবল মাঠ। প্রাপ্ত খবর এরকম যে, এবার ও রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে শিলিগুড়ি সহ কলকাতার বেশ কয়েকজন ফুটবলারকে। কোচের দায়িত্বে রয়েছেন কৌশিক রায়। অভিজ্ঞ কোচ। রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তারা আশাবাদী এবছর দল ভালো পারফরমেন্স করবেই।

