ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। সময় নষ্ট করতে চাইছেন না ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তাই সুরাটে পৌঁছেই অনুশীলনে মেতে উঠলো ত্রিপুরার ক্রিকেটাররা। বুধবার রাতে সুরাটে পৌঁছায় দীপঙ্কর ভাটনাগরের নেতৃত্বে ত্রিপুরা দল। বৃহস্পতিবার সকালে অনুশীলনে নেমে পড়ে দল। ওই রাজ্যের পিঠাবালা স্টেডিয়ামে। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করে দেবাংশু দত্ত-রা। কোচ সুজিত রায় এবং রাশু দেব দত্ত। অনুশীলনে দুই কোচের ছিলো তীক্ষ্ণ নজর। ভুল দেখলেই সঙ্গে সঙ্গে শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। এতে ক্রিকেটাররা উপকৃত হচ্ছে বলে জানান ম্যানেজার জয়দেব সাহা। ভালো কিছু করার স্বপ্ন নিয়েও ওই রাজ্যে পাড়ি দিলো ত্রিপুরার ক্রিকেটাররা। এবারের দলে বেশীরভাগই নতুন মুখ। ফলে প্রতিটি ক্রিকেটার মুখিয়ে রয়েছে আত্মপ্রকাশেই সকলের নজর কেড়ে নিতে। সুরাটে এবছর হবে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেট। ওই আসরে খেলতেই ত্রিপুরার ক্রিকেটাররা এখন রয়েছে সুরাটে। তাতে ১ ডিসেম্বর মহারাষ্ট্র, ৬ ডিসেম্বর অসম, ১১ ডিসেম্বর সিকিম, ১৬ ডিসেম্বর মধ্যপ্রদেশ এবং ২১ ডিসেম্বর ওড়িশার বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে দীপঙ্কর ভাটনাগর। ডেপুটি হিসাবে থাকবে দেবাংশু দত্ত। ত্রিপুরার ক্রিকেটাররা: দীপঙ্কর ভাটনাগর (অধিনায়ক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক), জয়জিৎ সাহা, বিশাল শীল, অয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, সোমরাজ দে, সঞ্জয় নম:, দ্বীপ দেব, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ: সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার: অজিতাভ নাথ।
2022-11-17

