মিজোরামের পাথর খাদান দুর্ঘটনা : ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দুই শ্রমিকের মৃতদেহ, বাকি দুই, অব্যাহত অভিযান

আইজল, ১৬ নভেম্বর (হি.স.) : মিজোরামের হানথিয়াল জেলার অন্তর্গত মৌদার গ্রামে সোমবার অপরাহ্নে একটি পাথর খাদানে সংঘটিত ধ্বংসস্তূপ থেকে আরও দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন এনডিআরএফ, এসডিআরএফ এবং আসাম রাইফেলস-এর জওয়ানরা। আরও যে দুই মরদেহ উদ্ধার হয়েছে তাঁদের অসমের গোয়ালপাড়া জেলার জলেশ্বর বিলের শফিকুল ইসলাম (২৬) এবং মিজোরামের লুংলেই জেলার জাউলপুইয়ের বাসিন্দা ওরফে কাহামরাই (৪৯) বলে শনাক্ত করা হয়েছে৷

গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অসমের কাছাড় জেলার সুরজিত রায় (২৬), পশ্চিমবঙ্গের নদীয়ার চারজন মদন দাস (২৫,), রাকেশ বিশ্বাস (২১), মিণ্টু মণ্ডল (২২) এবং বুদ্ধদেব মণ্ডল (২৫) ঝাড়খণ্ডের চাতরা এলাকার দুজন খেমলাল কুমার (২২) ও ওমপ্রকাশ কুমার (১৮) এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সুব্রত রাপ্তান (২৪)। এর পর গতকাল সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম এবং কাহামরাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এনডিআরএফ-এর ১০ নম্বর ব্যাটালিয়নের এক সূত্ৰ জানিয়েছে, আরও দুই শ্ৰমিক পাথরধসের নীচে রয়েছেন। তাঁদের মিজোরামের লুংলেই জেলার অজয় চাকমা (২৫) এবং অসমের বরপেটা জেলার জাহিদুর ইসলাম (২৭) বলে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। সূত্ৰ জানিয়েছে, দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রোটোকল সম্পন্ন করার পর মৃতদেহগুলি নির্মাণসংস্থা এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট কোম্পানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আটকে পড়া ১২ জন শ্রমিকের মধ্যে মোট ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে, জানিয়েছে এনডিআরএফ-এর সূত্র।

জেলা প্ৰশাসনের জনৈক পদস্থ আধিকারিক জানান, গতকাল প্রথমে যে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সেগুলির ময়নাতদন্ত শেষে এদিন মধ্যরাত প্রায় ১২:৩০টায় আইজলে নিয়ে আসা হয়। এখানে মৃতদেহগুলিকে সুগন্ধিকরণ এবং প্যাকিঙের পর আজ বুধবার সকাল ৮:০০টায় লেংপুই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে যার যার স্বগৃহে পাঠাতে।

এদিকে মিজোরাম পাথর খাদান বিপর্যয়ে নিহতদের নিকট-আত্মীয়দের জন্য এককালীন দুই লক্ষ টাকা এবং আহতদের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাকাগুলি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দেওয়া হবে বলে আজ সকালে টুইট করে জানিয়েছেন খোদ মোদী। প্রসঙ্গত, গত সোমবার ঘটনার পর-পর মোদী নিখোঁজ শ্রমিকদের উদ্ধার করতে যাবতীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রক ও বিভাগকে নির্দেশ দিয়েছিলেন। এর পর দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ব্যক্ত করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী।