শ্রীনগর, ৩ নভেম্বর (হি.স.): আগামী ২৪ ঘন্টা শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এই সময়ে আবহাওয়ার খুব বেশি হেরফের হবে না। তবে, ৫-৭ নভেম্বর কাশ্মীরের নানা প্রান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যদিও, এখনই ভারী তুষারপাতের সম্ভাবনা নেই কাশ্মীর উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৫-৭ নভেম্বর পর্যন্ত আবহাওয়া সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তুষারপাত (উঁচু পাহাড়ে) ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী তুষারপাত হবে না।
তুষারপাতের সৌজন্যে ৫-৭ নভেম্বর কাশ্মীরের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবার তুষারপাতের কারণে সাময়িক কিন্তু মাঝে মাঝে পরিবহনে বিঘ্ন ঘটতে পারে, প্রধানত জোজিলা, সিন্থানটপ, মুগাল রোড ইত্যাদিতে। এদিকে, বৃহস্পতিবার শ্রীনগর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস, কাজিগুন্ডে আগের রাতে ৩.০ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

