কিষাণগঞ্জ, ৩ নভেম্বর (হি.স.) : পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি বিহারের কাটিহারে। সেখানকার বরারি ব্লকের লক্ষ্মীপুর গ্রামে মা লক্ষ্মী পেট্রোল পাম্পে বৃহষ্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় দুস্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১১ লক্ষ ৮০ হাজার নগদ টাকা, লাইসেন্স করা একটি রাইফেল, ও ১৫০ কার্তুজ লুট করে পালায়। এছাড়াও দুটি পাঁচ লক্ষ টাকার চেকও নিয়ে যায় দুস্কৃতীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ণিয়ার দিক থেকে একটি বিলাসবহুল গাড়িতে করে ১০ জন দুস্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পাম্পের চার কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায় দুস্কৃতীরা। পাম্পের ম্যানেজার মহম্মদ সাবির আনসারি বলেন, ‘আমার মাথাতেও বন্দুক ঠেকিয়ে রেখেছিল দুস্কৃতীরা, সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকা নগদ খোয়া গিয়েছে।’ কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করেছে।’

