পাথারকান্দি (অসম), ২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর রাধাপ্যারী বাজার লাগোয়া ৮ নম্বর জাতীয় সড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে স্কুলপড়ুয়া এক শিশু। আহত শিশুটিকে করিমগঞ্জ সিভিল হসপিটালে পাঠানো হয়েছে। চলছে চিকিৎসা। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাসটিকে সলগই বাজার এলাকায় আটক করেন স্থানীয়রা। তবে সুযোগ বুঝে বাসের চালক গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। আহত শিশুটি রাধাপ্যারীবাজারের জনৈক সীতাংশু বর্ধনের ছয় বছরের ছেলে সায়ন বর্ধন বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, শিশুটি রাধাপ্যারীতে অবস্থিত বেসরকারি বিদ্যালয় স্বামীজি জ্ঞানপীঠের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আজ বুধবার বেলা প্রায় সোয়া একটা নাগাদ সে স্থানীয় সাবসেন্টারে যাওয়ার জন্য জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। তখন করিমগঞ্জ থেকে রাঙ্গামাটিগামী এএস ১০ ৩৩৫২ নম্বরের দুরন্ত যাত্রীবাহী একটি ডিলাক্স বাস সড়কের পাশে দণ্ডায়মান শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সায়ন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, কান দিয়ে রক্তপাত হতে শুরু হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে করিমগঞ্জে রেফার করা হয়। শিশুটির অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাকারী বাসটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

