নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : আবারও সুকলের শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল তালাবন্ধী করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের৷ ঘটনা কৈলাসহরের ধনবিলাশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে৷ ঘটনাস্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানায় যে ৭ জন শিক্ষকের উপর নির্ভর করে বিদ্যালয়ের পঠন-পাঠন চলছে৷ সাতজন শিক্ষকের মধ্যে মাত্র দুইজন বিষয় শিক্ষক রয়েছে৷ এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি৷ স্কুলে এত সমস্যা থাকা সত্ত্বেও স্কুলের প্রধানশিক্ষক তরুনকান্তি চাকমা স্কুলটি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন বলে ছাত্র ছাত্রীরা জানায়৷ এমতাবস্থায় সম্প্রতি স্কুলের প্রধানশিক্ষক তরুন কান্তি চাকমাকে অন্যত্র বদলীর সংবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে৷ অথচ স্কুলের প্রধানশিক্ষক তরুন কান্তি চাকমাকে অন্যত্র বদলী করলেও স্কুলে নতুন করে কোনো প্রধানশিক্ষক দেওয়া হয়নি৷
এরই প্রতিবাদে বুধবার সকালে স্কুল তালাবন্ধী করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা৷ সকাল সাড়ে পাঁচটায় স্কুল তালাবন্দী করলেও দুপুর একটা অব্দি দপ্তরের কোনো আধিকারিক স্কুলে না আসায় স্কুলের ছাত্র ছাত্রীরা গ্রামে বিক্ষোভ মিছিল করে নতুনবাজার চৌমুহনীতে এসে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে৷ যদিও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করে ছাত্র ছাত্রীরা৷


















