CBI: অস্বস্তি বাড়ল বন্ধু তিরকের, কংগ্রেস নেতার বাসভবনে সিবিআই তল্লাশি

রাঁচি, ২৬ মে (হি.স.): জাতীয় ক্রীড়া কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী ও কংগ্রেস নেতা বন্ধু তিরকের রাঁচির বাসভবনে হানা দিয়েছে সিবিআই। ৩৪ তম জাতীয় ক্রীড়া কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার সকাল থেকে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। খেলার জন্য যে সময় টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বরাদ্দ করা হয়েছিল তখন তিরকে ক্রীড়ামন্ত্রী ছিলেন।

ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে ২০১১ সালের ৩৪ তম জাতীয় ক্রীড়া কেলেঙ্কারির তদন্তে সিবিআই এদিন তিরকের বাড়িতে তল্লাশি চালায়। এই মামলায় এর আগে ২০১৯ সালে গ্রেফতার হয়েছিল তিরকে, যখন রাজ্যের ভিজিল্যান্স আধিকারিকরা অভিযোগের তদন্ত করছিল। প্রসঙ্গত, ২০২০ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিরকে, গত বছরই ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন তিনি। এদিন সকালে রাঁচি শহরের উপকণ্ঠে তিরকের বনহোরা এলাকার বাসভবনে তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, রাঁচিতে তাঁর মোরহাবাদি এলাকার বাসভবনেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। চলতি বছরের এপ্রিল মাসেই ৩৪ তম জাতীয় ক্রীড়া কেলেঙ্কারি মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট।