Fire : গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, মহেশতলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও দুই ছেলের

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আক্রায় গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের ৩ জন সদস্যের। শনিবার গভীর রাতে বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও দুই ছেলের। আক্রা কৃষ্ণনগর পূর্বপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, শনিবার গভীর রাত একটা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় ভেঙে পড়ে বাড়ির টালির চাল। দাউদাউ করে আগুন ধরে যায়।

স্থানীয়দের চেষ্টায় আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ি থেকে উদ্ধার হয় মা ও দুই ছেলের অগ্নিদগ্ধ দেহ। গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকান্ড, না-কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।