খোয়াই, ১৮ জানুয়ারি : খোয়াইয়ে এন ডি পি এস ধারার মামলায় অভিযুক্ত শাসকদলীয় পঞ্চায়েত প্রধানের ছেলে এখন পুলিশের জালে। গ্রেপ্তার করার পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। আদালত তাকে তিন দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে।
উল্লেখ্য, ঘটনা গত ১১ সেপ্টেম্বরের। এদিন বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে খোয়াই থানাধীন সিঙ্গিছড়ায় বিশাল পরিমাণের নেশা সামগ্রী সহ পুলিশ একজনকে পাকড়াও করে। যার ভিত্তিতে পুলিশ এন ডি পি এস ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে। যার নাম্বার ৯১/ ২০২১।
তদন্ত চলাকালীন সময়ে মামলায় অভিযুক্ত আরো দুইজন পুলিশের জালে উঠে। তিনজনকেই আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়। গত ৫ই জানুয়ারি প্রীতম পাল চৌধুরী নামে মামলার আরো এক অভিযুক্ত শাসকদলীয় কর্মী আদালতে আত্মসমর্পণ করলে তাকেও জেল হাজতে পাঠানো হয়। একই মামলার অপর অভিযুক্ত জয়ন্ত দেবও এখন পুলিশের জালে।
সোমবার পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। ধৃত জয়ন্ত দেব পশ্চিম সিঙ্গিছড়ায় পঞ্চায়েত প্রধান গোপাল দেবের ছেলে বলে জানা যায়। ধৃত জয়ন্ত দেবকে এদিনই আদালতে তুলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায়। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে ধৃত জয়ন্ত দেবকে তিনদিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ রিমান্ডে ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

