কলকাতা, ১৮ জানুয়ারি (হি. স.) : বাংলার বিজেপিকে পর্যুদস্ত করার পর এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যোগীরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ ফেব্রুয়ারি লখনউয়ে অখিলেশের সঙ্গে এক ভার্চুয়াল নির্বাচনী সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানালেন সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ।
এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দের বৈঠকে কী বেরিয়ে আসে তা নিয়ে প্রবল আগ্রহ ছিল রাজনৈতিক মহলের। বৈঠক শেষে কিরণময় নন্দ বলেন, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশের সঙ্গে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ভার্চুয়াল সভা হবে হবে লখনউতে এবং অন্যটি হবে বারাণসীতে। কিরণময়বাবু বলেন, “বিজেপি রিরোধী আন্দোলনে গোটা দেশের মুখ এখন মমতা। ওখানে প্রচারে ভীষণ কড়াকড়ি। পাঁচ জনের বেশি সভা করা যাবে না। এমন প্রচার আমি দেখিনি। নরেন্দ্র মোদীর সভায় লোক হচ্ছে না। অখিলেশের সভায় মানুষের ঢল নেমে যাচ্ছে। এটা দেখে আতঙ্কিত বিজেপি।”
কেন পাশে চাইছেন মমতাকে? কিরণময় নন্দ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নন, ২০২১ এর ভোটের পর উনি বিজেপির বিরুদ্ধে একটি জাতীয় মুখ। মমতা প্রচারে গেলে আমাদের সমর্থকরা উদ্বুদ্ধ হবে। পাশাপাশি রাজ্যের বিজেপি বিরোধীরাও উত্সাহ পাবে। মমতার সভা হবে ভার্চুয়াল। যদি আমরা স্বাভাবিক সভা করতে পারতাম তাহলে লাখ লাখ মানুষের ঢল নামতো মমতার সভায়।



















