ধর্মনগর, ১৮ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের আনন্দবাজার রাবার প্রডিউসারস সোসাইটির গুদামে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, সোমবার রাতে উত্তর জেলার যুবরাজ নগর বিধানসভার রাজনগর আনন্দবাজার রাবার প্রডিউসার্স সোসাইটির গোদামে চোরের দল হানা দেয়। সোসাইটির গোদামের গ্রীল কেটে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার রাবার শিট নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার সকালে রাবার প্রডিউসার্স সোসাইটির গ্রীল ভাঙা দেখে স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ এর সূত্র ধরে ইতিমধ্যেই পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। রাবার প্রডিউসার্স সোসাইটির গোদামে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা রাজনগর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে সংশয় ক্রমশ বাড়ছে। অবিলম্বে এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।



















