করোনা মোকাবিলায় সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় জোর তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

আগরতলা, ১৭ জানুয়ারি (হি. স.) : করোনাকে ত্রিপুরায় বিগত দিনে যেভাবে সংঘবদ্ধভাবে মোকাবিলা করা হয়েছে ঠিক তেমনি এবারও আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। প্রথমসারির যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও আরক্ষা প্রশাসনের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। আজ জিরানীয়া অগ্নিবীনা হলে জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বিশেষ করে বাজারগুলিতে সাবধানতা অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করেন।


সভায় তিনি বলেন, সরকারি বিধিনিষেধ অবশ্যই মানতে হবে, যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ইত্যাদি। তিনি বলেন, বাজারগুলোকে সময় সময় স্যানিটাইজ করতে হবে। এ ব্যাপারে নগর পঞ্চায়েত ও পুর পরিষদকে দায়িত্ব নিতে বলেন তিনি। তাছাড়া বাজারগুলিতে কোভিড টেস্ট করানোর উপর তিনি জোড় দেন। জিরানীয়া মহকুমায় ইন্টার স্টেট ট্রাক টার্মিনাস রয়েছে। এখানে প্রতিদিন বাইরে থেকে মালবাহী ট্রাক আসে। তাই এখানে বিশেষ নজরদারি রাখার জন্য মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তিনি নির্দেশ দেন। এই ইন্টার স্টেট ট্রাক টার্মিনাসে যারা আসছে প্রত্যেককে কোভিড টেস্ট করানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন।


১৫ থেকে ১৮ বছর বয়সী যুবক ও যুবতীদের কোভিড টিকাকরণের ব্যাপারে খোঁজ খবর নেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এব্যাপারে মহকুমা প্রশাসন থেকে ৮৯৫৮ জনের টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল। এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ টিকাকরণ হয়ে গেছে বলে সভায় জানানো হয়েছে। যেখানে টিকাকরণের সংখ্যা কম রয়েছে সেখানে জন প্রতিনিধিদের সাহায্য নিতে তিনি স্বাস্থ্যকর্মীদের বলেছেন। স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, এখন আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো খুবই ভালো। বৈঠক শেষে মন্ত্রী শ্রী চৌধুরী জিরানীয়া ইন্টার স্টেট ট্রাক টার্মিনাস পরিদর্শন করেন।