নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল। শুক্রবার সকালে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৮, শনিবার সকালে তা বেড়ে ৪১৫-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৫-তে পৌঁছেছে, মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি। দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৭৯ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ১০৮, গুজরাটে ৪৩, তেলেঙ্গানায় ৩৮ জন, কেরলে ৩৭, তামিলনাড়ুতে ৩৪ জন, কর্ণাটকে ৩১ জন, রাজস্থানে ২২ জন, হরিয়ানায় ৪ জন, ওডিশায় ৪ জন, অন্ধ্রপ্রদেশে ৪ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, পশ্চিমবঙ্গে ৩ জন, উত্তর প্রদেশে দু’জন, চন্ডীগড়ে একজন, লাদাখে একজন এবং উত্তরাখণ্ডে একজন।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৪১৫ জনের মধ্যে ইতিমধ্যেই ১১৫ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪২ জন, দিল্লিতে ২৩ জন, গুজরাটে ৫ জন, কেরলে একজন, কর্ণাটকে ১৫ জন, রাজস্থানে ১৯ জন সুস্থ, হরিয়ানায় দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জনই সুস্থ, অন্ধ্রপ্রদেশে একজন সুস্থ হয়েছেন, লাদাখে একজন সুস্থ এবং পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।

