কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরনিগমে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু সেখানে কিবা সিঙ্গেল বেঞ্চ কিবা ডিভিশন বেঞ্চ দুই ক্ষেত্রেই কার্যত নিরাশ হতে হয়েছে তাঁদের। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। শনিবার এই মর্মে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্মশিবির। সেই সঙ্গে তাঁরা আবেদন জানাচ্ছে এদিনই এই মামলার শুনানি করার জন্য।
কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী নয় পুলিশ দিয়েই রাজ্য নির্বাচন কমিশন ভোট করাতে পারবে কলকাতায়। সেই রায় মেনে না নিয়ে তবে এদিন শুনানি হলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও রায় দিতে পারে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন থাকছেই তেমনি শীর্ষ আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও তা ঠিক কতটা মানা যাবে তা নিয়েও প্রশ্ন থাকছে। কেননা হাতে সময় খুবই কম। রবিবারই নির্বাচন কলকাতায়।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ শুক্রবার রাতেই জানিয়ে দিয়েছে, কলকাতার পুরভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাবে কলকাতা ও রাজ্য পুলিশই। তবে তাঁরা রাজ্য নির্বাচন কমিশনকেও দায়িত্বশীলতার সঙ্গে ভোট পরিচালনার দায়িত্ব সামলানোর পরামর্শ দিয়েছেন। তবে সূত্রের খবর, রাতেই ঠিক হয়ে যায় যে এদিন সকালেই দেশের শীর্ষ আদালতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং এদিনই যাতে মামলার শুনানি হয় তার জন্য আপিলও করা হবে। সেই মর্মে এদিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করাও হচ্ছে বলে জানা গিয়েছে।

