Marched : ভোটারদের শুভেচ্ছা জানিয়ে আগরতলায় মিছিল করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার তার এলাকার ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রবিবার বিজয় মিছিলে শামিল হলেন৷ এদিন সংকট চৌমুহনীতে বিজয় মিছিল শুরু হয়৷মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷


মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুরো নিগমের নব-নিযুক্ত মেয়র দীপক কুমার মজুমদার বলেন নির্বাচনের আগে তিনি তাঁর নির্বাচনী এলাকার এবং আগরতলা পৌরনিগম এলাকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সব প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর৷ আগরতলা পৌর নিগমের এলাকা আর জনগণের সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্ণিত করে পরিষেবা প্রদান এর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ পুরো এলাকার জনগণ যাতে সঠিক পরিষেবা পেতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন বলে তিনি পুনরায় বিজয় মিছিল থেকে প্রতিশ্রুতি দিয়েছেন৷ মেয়র দীপক কুমার মজুমদারকে বিপুল ভোটে জয়ী পড়ায় গণদেবতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ তিনি বলেন তাকে মেয়র এর পদে আসীন করায় তার দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে৷


তিনি সেই দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবেন৷ এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন৷ তিনি বলেন কোথাও কোন ধরনের সমস্যা দেখা দিলে কাউন্সিলরদের সঙ্গে স্থানীয় জনগণ যেন সাক্ষাৎ করে অভিযোগ সম্পর্কে পুর নিগমকে অবগত করেন৷ বর্তমান পৌর প্রশাসন স্বচ্ছতা বজায় রেখে উন্নয়নমূলক কাজ এবং পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বলেও তিনি জানিয়েছেন৷