নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে বেপরোয়া মার্সেডিজের ধাক্কায় মৃত্যু হল একজন স্কুটার আরোহীর। বৃহস্পতিবার ১১.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির বসন্ত বিহার এলাকায়। মৃত স্কুটার আরোহীর নাম- অ্যান্টনি জোসেফ। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জোসেফের। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, মার্চ মাসেই ১৯ বছর বয়স হবে গাড়ির চালকের।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিত প্রতাপ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার রাত তখন ১১.৪৫ মিনিট হবে, স্কুটার আরোহীকে ধাক্কা মারে একটি মার্সেডিজ গাড়ি। গাড়ির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার আরোহীর। বসন্ত বিহার এলাকার বাসিন্দা ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়, পরে পুলিশ চালককে গ্রেফতার করেছে।

