ঘন কুয়াশার জন্য ট্রেন চলাচল বিপর্যস্ত দিল্লি – এন সি আর

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): ঘন কুয়াশায় ঘুম ভাঙলো দিল্লিবাসীর। দিল্লি সহ পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়। ফলে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। প্রায় ২৬টি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। উত্তর রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে ০৪২১৭ প্রয়াগ সঙ্গম- চণ্ডীগড় কোভিড স্পেশাল এবং ০২৩৯৭ গয়া- দিল্লি স্পেশাল ট্রেন প্রায় ৩ ঘন্টা ৪৫ মিনিট দেরিতে চলছে। যা কিনা সর্বাধিক। দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে কম দৃশ্যমানতার কারণে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও রাজগীর- নয়াদিল্লি শ্রমজীবী এক্সপ্রেস, হাওড়া থেকে দিল্লিতে আসা বিশেষ ট্রেন, আজমগড় থেকে দিল্লি কৈফিয়ৎ কোভিড স্পেশাল ট্রেন, পাটনা- দিল্লি সম্পূর্ণ ক্রান্তি কোভিড স্পেশাল ট্রেন প্রায় তিন ঘণ্টা দেরিতে চলছে। আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশা পঞ্জাব, উত্তর প্রদেশে থাকবে।