News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মহামারি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে : মুখ্যমন্ত্রী
Image

করোনা মহামারি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) ৷৷ করোনা মহামারি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে৷ কারণ, আজ ত্রিপুরায় মানুষের মধ্যে আত্মনির্ভর হওয়ার মানসিকতা তৈরি হয়েছে৷ শনিবার আগরতলা টাউন হল-এ করোনা-র টিকাকরণ অভিযানের সূচনা করে প্রত্যয়ের সুরে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, কখনও ভাবিনি এই সংকট থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় বাসনা সেই অসাধ্য সাধন করেছে৷ তাই গোটা বিশ্বকে চমকে দিয়ে করোনা-র টিকাকরণ অভিযান শুরু হয়েছে দেশে৷


প্রসঙ্গত, সমগ্র দেশের সাথে আজ ত্রিপুরায়ও কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ এ উপলক্ষ্যে আগরতলা টাউন হল-এ কোভিড-১৯ টিকাকরণের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের ১৭টি স্বাস্থকেন্দ্রে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, আজ দেশের সাথে সাথে রাজ্যের জন্যও একটা ঐতিহাসিক দিন৷ কারণ রাজ্যে যেদিন প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল সেদিন জিবি হাসপাতাল সহ পুরো আগরতলা শহর অঘোষিত কার্ফুতে পরিণত হয়েছিল৷ রাজ্যের প্রত্যেকের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছিল৷


তাঁর কথায়, এই আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে যাওয়ার কোনও রাস্তা পাওয়া যাচ্ছিল না৷ তখন দেশের প্রধানমন্ত্রীই আমাদের করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল আহ্বানে আজ দেশের বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় প্রথম পর্যায়ে কোভিড-১৯ টিকাকরণ করা হবে চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের৷ তাঁদের ৪৫ হাজার ৪২০টি ডোজ দেওয়া হবে৷ এর জন্য স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে৷ দ্বিতীয় পর্যায়ে আরক্ষাকর্মী, রাজস্ব দফতরের কর্মী, পুরকর্মচারী এবং বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণ করা হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ মোকাবিলার সময় রাজ্যের জনগণের মধ্যে আত্মনির্ভরতা, স্বনির্ভর হওয়া, একে অপরকে সহযোগিতা করা এবং স্বাভিমানতার মানসিকতা তৈরি হয়েছে৷ এই গুণগুলি সব সময় নিজেদের মধ্যে ধরে রাখতে হবে৷ কারণ এগুলিই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ও সমৃদ্ধিশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে৷ তিনি বলেন, রাজ্যবাসী কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন৷

তাঁর দাবি, ত্রিপুরা সরকার লকডাউন চলাকালীন রাজ্যের জনগণকে স্বনির্ভর করার লক্ষ্যে স্বনির্ভর পরিবার যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা ইত্যাদি চালু করেছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে মানুষের মধ্যে আত্মনির্ভরতার মানসিকতা তৈরি হওয়ার ফলে করোনা সংকটের সময় রাজ্য আর্থিকভাবে পিছিয়ে পড়েনি৷ শহর ও নগর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা চালু হয়েছে৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনামূল্যে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে৷ তাঁদের বিমার আওতায় আনার পাশাপাশি ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে৷


এদিকে, প্রধানমন্ত্রীও ত্রিপুরার উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন৷ মুখ্যমন্ত্রীর দাবি, ত্রিপুরায় আধুনিকতম ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার ৯৩ কোটি টাকা মঞ্জুর করেছে৷ তাছাড়া মাতাবাড়ির উন্নয়নের জন্য ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top