Home / আমরণ অনশনে বসবে জাস্টিস ফর ১০৩২৩

আমরণ অনশনে বসবে জাস্টিস ফর ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করা না হলে জাস্টিস ফর ১০৩২৩ সংগঠন আমরণ অনশনে বসবে৷


রবিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়৷ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই মাসের মধ্যে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই সময়সীমা শেষ হচ্ছে৷ কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে তাদেরকে নিয়োগের নিশ্চিত কোনো ব্যবস্থা করা হয়নি৷ স্বাভাবিক কারণেই চাকরিচ্যুত শিক্ষক এবং তাদের পরিবারের লোকজনরা চরম অনিশ্চয়তায় ভুগছেন৷

রাজ্য সরকার যাতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান করে সেজন্য পুনরায় অনুরোধ জানিয়েছেন তারা৷সরকার যদি সমস্যার সমাধানে এগিয়ে না আসে তাহলে তারা জীবন জীবিকার স্বার্থে আমরণ অনশনে বসতে বাধ্য হবে বলে জানিয়েছে৷ তারা আরও দাবি করেছেন এখনো পর্যন্ত চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরিতে নিযুক্তির ব্যবস্থা করতে হবে৷