News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসন : হাইকোর্টে প্রদ্যুতের মামলা আপাতত হস্তক্ষেপ করবে না আদালত, পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর

ব্রু শরণার্থী পুনর্বাসন : হাইকোর্টে প্রদ্যুতের মামলা আপাতত হস্তক্ষেপ করবে না আদালত, পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ লক্ষ্য মনে হচ্ছে রাজনীতি৷ তাই হয়তো ব্রু শরণার্থী পুনর্বাসনে বিলম্বের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ অবশ্য আদালত ওই আবেদনের ভিত্তিতে এখনই হস্তক্ষেপে সম্মত হয়নি৷ এমন-কি কোনও নোটিশও জারি করেনি ত্রিপুরা হাইকোর্ট৷ তবে ব্রু শরণার্থী পুনর্বাসনে নজর রাখবে আদালত৷ তাই আগামী ৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ৷


দুই দশকের অধিক সময় ধরে ব্রু শরণার্থী সমস্যা জিইয়ে রয়েছে৷ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমায় প্রায় ৪০ হাজার ব্রু শরণার্থী জীবনযাপন করছেন৷ এই সমস্যার স্থায়ী সমাধানে ত্রিপুরা সরকার তাদের মিজোরামে প্রত্যাবর্তনের বদলে এ-রাজ্যেই পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়৷ কেন্দ্রীয় সরকারও কালবিলম্ব দেরি না করে ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে৷ তার ভিত্তিতে চারস্তরীয় চুক্তি সম্পাদিত হয়েছে৷ চুক্তি মোতাবেক ব্রু শরণার্থীদের সারা ত্রিপুরায় বিভিন্ন স্থানে পুনর্বাসন দেওয়া হবে৷
কিন্তু, তাতেও জটিলতা দেখা দিয়েছে৷ ব্রু শরণার্থী নেতারা কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমার বাইরে অন্যত্র পুনর্বাসনে এখন রাজি হচ্ছেন না৷ তাঁদের চাপে পরে ত্রিপুরা প্রশাসনও কাঞ্চনপুর মহকুমায় সাতটি স্থান চিহ্ণিত করেছে৷ সেখানে অন্তত ৪,৬০০ ব্রু শরণার্থী পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে৷ ত্রিপুরা সরকারের এই পদক্ষেপকে ঘিরে খাঁচানপুর মহকুমায় বাঙালি জনগোষ্ঠী প্রতিবাদী হয়ে উঠেছে৷ তাদের সাথে চাকমা এবং স্থানীয় রিয়াং সম্প্রদায়ও যোগ দিয়েছে৷ জম্পুই পাহাড়ের ইয়ং মিজো সংগঠনও ব্রু শরণার্থীদের বড় অংশকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের বিরোধিতায় শামিল হয়েছে৷


সম্প্রতি কাঞ্চনপুর যৌথ মঞ্চ ১২ ঘণ্টার বনধ পালন করেছে৷ এছাড়াও, ধর্মনগরে জমির জরিপ করতে গিয়ে প্রশাসনের আধিকারিকরা জনরোষের মুখে পড়েছিলেন৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে তাঁদের পালিয়ে আসতে হয়েছে৷ সবমিলিয়ে ব্রু শরণার্থীদের পুনর্বাসনে উত্তর ত্রিপুরায় আপত্তি সর্বত্রই৷
ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মণ এই সুযোগে ব্রু শরণার্থীদের পুনর্বাসন নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন৷ তিনি বলেন, গত জানুয়ারিতে চারস্তরীয় চুক্তি সম্পাদিত হয়েছে৷ মাঝে করোনা-র প্রকোপ বৃদ্ধিতে চুক্তি মেনে ব্রু শরণার্থী পুনর্বাসনে বিলম্ব হয়েছে৷ কিন্তু, এখনও কোনও উদ্যোগ ত্রিপুরা প্রশাসনের তরফে লক্ষ্য করা যাচ্ছে না৷ তাই, আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছে৷ তাঁর কথায়, ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া ভেস্তে দেওয়ার লক্ষ্যে কাঞ্চনপুরে আন্দোলন শুরু হয়েছে৷ তাঁর দাবি, বিচারাধীন মামলা নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না৷


এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টে ওই মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ণ তুলেন৷ তিনি বলেন, প্রদ্যুৎ কিশোরের ওই মামলা কোনও ভাবেই জনস্বার্থ সংশ্লিষ্ট নয়৷ কিন্তু আবেদনকারীর পক্ষে আইনজীবী অরুণ দেববর্মা মামলার গুরুত্ব আদালতে তুলে ধরার চেষ্টা করেন৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ ওই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছে৷
এদিন প্রধান বিচারপতি আকিল কুরেশি শুনানি পর্বে বলেন, ব্রু শরণার্থীদের পুনর্বাসন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ সামাজিক এবং রাজনৈতিক৷ তাতে আদালতের কোনও ভূমিকা নেই৷ তবে ব্রু শরণার্থীদের পুনর্বাসনে সংশ্লিষ্ট সংস্থাকে সঠিকভাবে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি৷ সেক্ষেত্রে আদালত ব্রু শরণার্থীদের পুনর্বাসনের প্রক্রিয়ায় নজর রাখবে, বলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ তিনি দুই দশকেরও বেশি সময় ধরে শরণার্থী সমস্যায় সমাধান না হওয়ায় উষ্মা প্রকাশ করেন৷


এদিকে, নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ ওই মামলা নিয়ে প্রদ্যুৎ কিশোরের কঠোর সমালোচনা করেছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, প্রদ্যুৎ কিশোর ত্রিপুরায় ব্রু শরণার্থী ইস্যুতে দাঙ্গা বাঁধাতে চাইছেন৷ কারণ বাঙালিরা ব্রু শরণার্থীদের জন্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভিটেমাটি ছেড়েছেন, তাতে তিনি মোটেও চিন্তিত নন৷
রঞ্জিত নাথের কথায়, গত ২৩ বছর ধরে বহু জ্বালা সহ্য করেছি, এখন মুখ বুঝে থাকতে রাজি নই৷ তাই ব্রু শরণার্থীদের অধিকাংশকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন মেনে নেব না৷ তিনি বলেন, চুক্তি মেনে সারা ত্রিপুরায় তাঁদের পুনর্বাসন দেওয়া হোক৷ তাতে কোনও আপত্তি নেই৷ কাঞ্চনপুর মহকুমায় ৫০০ পরিবারকে পুনর্বাসনে আমরা সম্মতি জানাই৷ কিন্তু ব্রু নেতাদের দাবি মেনে ৪,৬০০ পরিবারকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনে আমাদের আপত্তি রয়েছে, সাফ জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top