মুম্বই, ২৪ জুলাই (হি.স.): বিশ্বের সিনেমা ইতিহাসে নয়া নজির । বিশ্ব সিনেমার ইতিহাসে সর্বকালীন সেরা রেটিং পেল সুশান্ত অভিনিত ‘দিল বেচারা’ । আইএমডিবি’তে আপাতত ১০-এর মধ্যে ৯.৮ রেটিং পেয়ে বিশ্ব সিনেমার ইতিহাসে সর্বকালীন সেরা রেটিং-এর তকমা পেল সুশান্ত সিং রাজপুত অভিনিত শেষ সিনেমা ‘দিল বেচারা’ ।
শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। তারপরই আইএমডিবি’তে হু হু করে রেটিং বাড়তে থাকে। একটা সময় রেটিং ১০-এ পৌঁছে গিয়েছিল। সেই সময় ১,০৪৮ জন রেটিং দিয়েছিলেন। পরে অবশ্য কিছুটা রেটিং কমেছে। শনিবার দুপুর দুটো পর্যন্ত রেটিং ৯.৮ হয়েছে। আপাতত ৩১,২৮৪ জন রেটিং দিয়েছেন। শুক্রবার সন্ধ্যার থেকে ০.২ রেটিং কমলেও এখনও বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকার শীর্ষে আছে ‘দিল বেচারা’। দ্বিতীয় স্থানে অনেক পিছিয়ে রয়েছে হলিউড সিনেমা ‘শস্যাঙ্ক রিডেমশন’ (৯.২) এবং তৃতীয় স্থানে আছে ‘দ্য গডফাদার’ (৯.১)। আর ভারতীয় সিনেমার তালিকায় ‘দিল বেচারা’-র পর যুগ্মভাবে দ্বিতীয় স্থানে একাধিক সিনেমা আছে। তার মধ্যে অন্যতম হল সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালি’, তামিল সিনেমা ‘আনবে সিভম’ এবং মালায়ালম সিনেমা ‘নায়কন’। সবকটিরই রেটিং ৮.৫ রেটিং।

