নেশা সামগ্রী সহ দুই পাচারকারী আটক যাত্রাপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ যাত্রাপুর থানা এলাকার দক্ষিণ পাহাড়পুর বড়খলায় নতুন মৎস্য হাউজের কাছে একটি গাড়ি আটক করে প্রচুর পরিমান ফেন্সিডিল সহ দুই নেশা পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে যাত্রাপুর থানার পুলিশ৷


ধৃতরা হলো রাকেশ সূত্রধর ও বিকাশ দাস, তাদের হেপাজত থেকে ১১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহিত হয়েছে৷ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়৷ জানা যায় দীর্ঘদিন ধরেই যাত্রাপুর থানা এলাকা দিয়ে পাচারকারীরা নেশার সামগ্রী পাচার করে আসছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ এই সাফল্য পেয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছেন৷