নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাব্যবস্থার বেহাল অবস্থায় পরিণত হওয়ায় চলতি বছর সমস্ত ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়া এবং ইউজিসি গাইডলাইন প্রত্যাহার করার দাবিতে বৃহস্পতিবার এন এস ইউ আইয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়৷ পরে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার দাবি জানান এনএসইউআইএর নেতা৷ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ কমপ্লেক্সে নিয়ে যায়৷
সংগঠনের নেতা সম্রাট রায় বিক্ষোভস্থলে জানান, করোনা পরিস্থিতির জন্য চলতি বছর সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার সহ ইউ জি সি গাইডলাইন প্রত্যাহার করার জন্য শিক্ষা দপ্তরে দাবি জানানো হয়েছিল এন এস ইউ আই এর পক্ষ থেকে৷ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠিও প্রদান করা হয়েছিল৷ কিন্তু ছাত্রদের স্বার্থে দাবিগুলির মানছে না সরকার৷ পুরোপুরি ছাত্র স্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন সম্রাট৷ এদিকে, এদিন আন্দোলনকারীদের ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়৷ যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়৷

