দেশকে হতাশ করছেন রাহুল, সত্যিই দুর্ভাগ্যজনক : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রাহুলকে তীব্র কটাক্ষ করে নাড্ডা সোমবার টুইটারে লিখেছেন, প্রতিরক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির একটিও বৈঠকে অংশ নেননি রাহুল গান্ধী। কিন্তু, দুঃখের বিষয় হল-দেশকে হতাশ করছেন, সেনাবাহিনীর বীরত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলছেন।

সোমবার টুইটারে নাড্ডা লেখেন, প্রতিরক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির একটিও বৈঠকে অংশ নেননি রাহুল গান্ধী। কিন্তু, দুঃখের বিষয় হল-দেশকে হতাশ করছেন, সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং দায়িত্বশীল বিরোধী নেতার যা যা উচিত নয়, সমস্ত কিছুই তিনি করছেন।

জে পি নাড্ডা টুইটারে আরও লেখেন, রাহুল গান্ধী এমন একটি বংশ পরম্পরার সঙ্গে যুক্ত, যতদূর পর্যন্ত প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়, তাঁদের কাছে কমিটির কিছু আসে যায় না, শুধুমাত্র কমিশনই গুরুত্ব পায়। কংগ্রেসে অনেক যোগ্য সদস্য রয়েছেন যাঁরা সংসদীয় বিষয় বোঝেন, কিন্তু শুধুমাত্র একটি বংশ এই নেতাদের এগিয়ে যেতে দেয় না। সত্যিই দুঃখজনক।’