মণিপুরে ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা নৈশ-কারফিউ

ইমফল, ১ জুলাই (হি.স.) : করোনা-র প্রকোপ বৃদ্ধির জেরে মণিপুরে লকডাউনের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবার রাত্রিকালীন কারফিউ সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে বলে মণিপুর সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এ-ক্ষেত্রে ১৫ জুলাই পর্যন্ত করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সম্পূর্ণ লকডাউন এবং কারফিউ বলবৎ থাকবে।

ইতিপূর্বে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৫০ শতাংশ যাত্রী নিয়ে আন্তঃজেলা গণপরিবহণ ব্যবস্থা ১ জুলাই থেকে চালু করার ঘোষণা করেছিলেন। কিন্তু এখন গণপরিবহণ ব্যবস্থায় গৃহ দফতর নিষেধাজ্ঞা জারি করেছে। কেবলমাত্র বহিঃরাজ্যে আটকে থাকা মণিপুরের নাগরিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে যানবাহন যাতায়াত করতে পারবে। এছাড়া অটো, ট্যাক্সি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার।

এদিকে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বর্ধিত লকডাউনে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনলাইনে পঠন-পাঠন জারি রাখার জন্য বলা হয়েছে। বাজার-হাট ১৫ জুলাই পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ-বিষয়ে রাজ্য সরকারের কাছে ব্যবসায়ীরা বাজার খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অবশ্য সমস্ত সরকারি অফিস খোলা থাকবে। তবে, সাক্ষাৎকারীদের অফিসে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।