গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : অসমে আরও এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তিনি ধুবড়ি জেলার বাসিন্দা বছর ৩৫-এর হজরত আলি। তবে তিনি দিল্লি গেলেও তাঁর সঙ্গে মরকজ নিজামউদ্দিনে তবলিগ-ই জামাত-যোগের সম্বন্ধ নেই। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ নিয়ে অসমে কোভিড ১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৩০ জনে বৃদ্ধি পেয়েছে। তবে তাঁদের মধ্যে গত ৯ এপ্ৰিল রাত ১টা ৫৪ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকার বড়জুরাই গ্রামের বাসিন্দা ফয়জুল হক বড়ভুইয়াঁ (৬৫)।
এর আগে নয়া সংক্রমিত রোগী হজরত আলি দিল্লির মরকজ নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতে যোগ দিয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। ওই খবর খণ্ডন করে মন্ত্রী ড. শর্মা জানান, ‘বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষায় হজরত আলির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তিনি এয়ার এশিয়ার বিমানে ২১ মাৰ্চ দিল্লি থেকে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করেছিলেন। ওই দিনই বিকেল ৪-টায় বাসে ধুবড়ি যান।’
মন্ত্রী আরও জানান, ‘ধুবড়ির বড়বাজারে তিনি অত্যাবশ্যক সামগ্ৰী কিনতে গিয়েছিলেন। এর পর কোনও ভাবে তাঁর দিল্লি যাত্ৰার তথ্য জানতে পারে স্বাস্থ্য দফতর ও প্ৰশাসন। সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ৭ এপ্ৰিল তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে দেখে তাঁকে ধুবড়ি সিভিল হাসপাতালেৰ আইসোলেশন ওয়াৰ্ডে ভরতি করা হয়। ১০ এপ্ৰিল লালারস ইত্যাদির নমুনা সংগ্ৰহ করে পরীক্ষা করা হয়। এর পর আজ ১৩ এপ্ৰিল তাঁর রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে।’
মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, হজরত আলি দিল্লির নিজামউদ্দিনে গিয়েছিলেন ঠিক। তবে তবলিগ-ই জামাতে অংশগ্ৰহণ করেননি বলে ডাক্তারদের নাকি তিনি বলেছেন।

