নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে৷ ১ জানুয়ারি ২০২০–কো ভিত্তি ধরে রাজ্যে মোট ভোটার ২৬ লক্ষ ৪২ হাজার ৬১৬ জন৷
শুক্রবার ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনে ১ জানুয়ারি ২০২০-কে ভিত্তি ধরে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকায় অনুমোদন দিয়েছে৷ আজ সেই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরায় ৩৩২৪টি ভোট কেন্দ্র রয়েছে৷ মোট ভোটার রয়েছেন ২৬ লক্ষ ৪২ হাজার ৬১৬জন৷
এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় ১৩ লক্ষ ৩৭ হাজার ৬৮ জন পুরুষ এবং ১৩ লক্ষ ৫ হাজার ৫২২ জন মহিলা রয়েছেন৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন৷
এদিকে, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সার্ভিস ভোটার রয়েছেন ৯৭৯০ জন৷ তাঁদের মধ্যে পুরুষ ৯৬৩৮ জন এবং মহিলা ১৬২ জন৷ তৃতীয় লিঙ্গের কোনও সার্ভিস ভোটার নেই ত্রিপুরায়৷
প্রসঙ্গত, লোকসভার নির্বাচনের সময় ত্রিপুরায় মোট ভোটার ছিলেন ২৬ লক্ষ ৭ হাজার ২০৮ জন৷ লোকসভা নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছেন ৩৫,৪০৮ জন৷ লোকসভা ভোটার সময় ১৩ লক্ষ ২৫ হাজার ৯৪৭ জন পুরুষ এবং ১২ লক্ষ ৮১ হাজার ২৪৮ জন মহিলা ভোটার ছিলেন৷ স্বাভাবিকভাবে, লোকসভা ভোটার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় ১১,১৩৪ জন পুরুষ এবং ২৪,২৭৪ জন মহিলা ভোটার বেড়েছে৷ এদিকে, লোকসভা ভোটের সময় তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১৩ জন৷ চূড়ান্ত ভোটার তালিকায় আরও তের জন তৃতীয় লিঙ্গের ভোটার যুক্ত হয়েছেন৷

