নিজস্ব প্রতিনিধি, চড়িলাম ২২ সেপ্ঢেম্বর৷৷ রেলে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ তার দেহ উদ্ধার হয়েছে৷ বিশালগড় থানার পুলিশ জানিয়েছে চড়িলাম উত্তর ব্রজপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন দেবনাথের (৪৫) রেলে কাটা পরে মৃত্যু হয়েছে৷ তবে, কীভাবে তিনি রেলে কাটা পড়েছেন, সে-বিষয়ে পুলিশও ধোঁয়াশায় রয়েছে৷

স্থানীয় জনগণের বক্তব্য, কিছুদিন আগেই ওই ব্যক্তির স্ত্রী প্রয়াত হয়েছেন৷ তার দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে৷ জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ সকালে রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় জনৈক ব্যক্তির মৃতদেহ নজরে এসেছে৷ সঙ্গে সঙ্গে তিনি পুলিশ খবর দেন৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও আরপিএফ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
বিশালগড় থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানান, সম্ভবত আগরতলা-উদয়পুর প্যাসেঞ্জের ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়েছেন৷ তার দাবি, ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি৷ ফলে, কীভাবে তিনি রেলে কাটা পড়লেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷
এদিন, ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাঁর পরিবারের এক সদস্যের কথায়, ছোট ছোট সন্তানরা অনাথ হয়ে পড়েছে৷ কিছুদিন আগেই তারা মা-কে হারিয়েছে৷ এখন তাদের বাবারও মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

