৫.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

জাকার্তা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। এবার ইন্দোনেশিয়ার ইয়ামদেনা দ্বীপে মাঝারি মানের ভূমিকম্পটি অনুভূত হয়, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৯। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে ওই অঞ্চলে কোনও সুনামি সতর্কতা দেওয়া হয়নি।


ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, স্থানীয় সময় শনিবার সন্ধে ৭.৪৩-এ ভূমিকম্পটি হয়। সৌমলাকির ১৮৬ কিলোমিটার (কিমি) উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৪৮.৫ কিমি নিচে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে জানা গিয়েছে।

এর আগে চলতি সপ্তাহের বৃহস্পতিবারও ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ। সেখানে অগ্ন্যুৎপাতও হয় মাঝেমধ্যেই। মাস দুয়েক আগেও সেখানে ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার পূর্বে মলুকাসের টার্নেট শহরের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পটি হয়েছিল।