
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি. স.): “জোড়-বিজোড় প্রকল্পের প্রয়োজন আছে বলে মনে হয় না। দিল্লিতে রিং রোডই উল্লেখযোগ্যভাবে নগরীর দূষণ হ্রাস করেছে। আমাদের পরিকল্পিত প্রকল্পগুলি আগামী ২ বছরে দিল্লিকে দূষণমুক্ত করবে”, শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জোড়-বিজোড় স্কিমের বিরোধিতা করে এমনটাই বললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি।
বায়ুদূষণ রুখতে ব্যবস্থা নেওয়ার জন্য এপিক (ইপিআইসি – এনার্জি পলিসি ইনস্টিটিউট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো) ও ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন কেজরিওয়াল। জোড়-বিজোড়, মাস্ক বিলির মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “নতুন মোটরযান আইন কার্যকর হওয়ার পর থেকে দিল্লির ট্র্যাফিকের উন্নতি হয়েছে। যদি এমন কোনও ধারা থাকে যার কারণে মানুষ বেশি সমস্যার মুখোমুখি হন এবং আমাদের জরিমানা হ্রাস করার ক্ষমতা থাকে তবে তা অবশ্যই করব।” জোড়-বিজোড় স্কিমের বিরোধিতা করে নিতিন গডকড়ি বলেন, “এটা সরকারের সিদ্ধান্ত তারা জোড়-বিজোড় স্কিম প্রয়োগ করবে কিনা।”

