পুলিশের জালে আরও এক নেশা চোরা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে ৷৷ আগরতলা পশ্চিম থানার পুলিশ আরও এক নেশা কারবারীকে আটক করেছে৷ তার নাম জামাল মিঞা৷ বাড়ি দক্ষিণ রামনগর এলাকায়৷ তার বিরুদ্ধে নেশা পাচারের বহু অভিযোগ রয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি, ছিনতাই, নেশা পাচারকারীদের দৌরাত্ম্য কমাতে ময়দানে নেমেছে পুলিশ৷

রামনগর ৩ রাধানগর এলাকা থেকে তিন চোর এবং লঙ্কামুড়া এলাকা থেকে চুরির মাল ক্রয় করার দায়ে আরও একজন অর্থাৎ মোট ৪ জনকে গ্রেপ্তারের পর পুলিশ দক্ষিণ রামনগর থেকে রবিবার রাতে এক নেশা কারবারীকে আটক করেছে৷ তার নাম জামাল মিঞা৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় পশ্চিম থানায় মামলা গৃহীত হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, কিছুদিন বিএসএফ জওয়ানরা সীমান্ত পথে ইয়াবা নেশা ট্যাবলেট পাচারের সময় ৫ হাজার ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করেছিল৷ আটক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় দক্ষিণ রামনগরের জামাল মিঞা এসব নেশা সামগ্রীর যোগান দিচ্ছে৷