News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বতন সরকারের আমলে কমিশন বাণিজ্যের জন্য জমি মাফিয়াদের দৌরাত্ম্য ছিল ঃ মুখ্যমন্ত্রী
Image

পূর্বতন সরকারের আমলে কমিশন বাণিজ্যের জন্য জমি মাফিয়াদের দৌরাত্ম্য ছিল ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ জমি মাফিয়াদের দালালি ব্যবসা চালু রাখার জন্যই রাজ্যে অতি উচ্চতল বিশিষ্ট বাড়ি নির্মাণে কোনও উদ্যোগ নেওয়া হয়নি এই রাজ্যে৷ ভূমিকম্প প্রবণ ঝুকির যুক্তি তুলে অতি উচ্চতল বিশিষ্ট বাড়ি তৈরী করা যাবে না বলে এতদিন রাজ্যবাসীকে বোঝানো হয়েছে৷ কিন্তু, প্রযুক্তির সহায়তায় এরাজ্যে দশ-বারো তলা বাড়ি নির্মাণ সম্ভব বলে জোর গলায় দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই বিল্ডিং রুলস সম্প্রতি সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ তাতে, এখন থেকে রাজ্যে আঠার মিটার উচ্চতা সম্পন্ন বিল্ডিং নির্মাণ করা যাবে৷ এর থেকে উঁচু তলা বাড়ি নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে৷


বুধবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলাকোনায় মেগা ফুড পার্কের উদ্বোধন হয়৷ কেন্দ্রীয় খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধবী নিরঞ্জন জ্যোতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই পার্কের উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে পূর্বতন সরকারকে তুলোধুনো করেছেন৷ তাঁর কথায়, অতীতে যেকোনও উন্নয়ন কাজের ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় হত৷ বহিঃরাজ্য থেকে শিল্পপতিরা এরাজ্যে বিনিয়োগ করতে আসলে তাদের নানা অনুমোদন আদায় করতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করতে হত৷ ফলে, অনেকেই এইরাজ্যে বাণিজ্য প্রসারে উৎসাহ হারিয়ে ফেলতেন৷ প্রসঙ্গক্রমে তিনি দাবী করেন, পূর্বতন সরকারের আমলে শুধুই কমিশন বাণিজ্য কায়েম হয়েছিল৷ সেজন্যই রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছিল৷


তাঁর কথায়, রাজ্যে অতি উচ্চ তল বিশিষ্ট বাড়ি নির্মাণ করা সম্ভব হলেও অতীতে তার অনুমোদনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ তিনি অভিযোগের সুরে বলেন, অতি উচ্চ তল বিশিষ্ট বাড়ি নির্মাণ হলে জমির প্রয়োজনীয়তা কমবে৷ তাই সেই পথে হাটেনি পূর্বতন সরকার৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, জমি মাফিয়াদের ব্যবসা বাড়ানোর জন্যই পূর্বতন সরকার অতি উচ্চ তল বিশিষ্ট বাড়ি নির্মাণে বিল্ডিং রুলস সংশোধন করেনি৷ কারণ, যত বেশী বাড়ি নির্মাণ হবে, জমির প্রয়োজনীয়তা ততই বাড়বে৷ তাতে জমি মাফিয়াদের কমিশন বাণিজ্যেরও শ্রীবৃদ্ধি লাভ হবে৷ সেই লক্ষ্যেই পূর্বতন সরকার বিল্ডিং রুলস সংশোধন করেনি৷
মুখ্যমন্ত্রী এদিন আক্ষেপ করে বলেন, সারা দেশের মধ্যে এরাজ্যে জমির মূল্য সবচেয়ে বেশী৷ তাই রাজ্যের অনেক বাসীন্দারাই বহিঃরাজ্যে ফ্ল্যাট-বাড়ি ক্রয় করে থাকেন৷ তিনি বলেন, এখন বিল্ডিং রুলস সংশোধন করা হয়েছে৷ পূর্বে ১৪৫ মিটার উঁচু বাড়ি নির্মাণের অনুমোদন ছিল৷ সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে বিল্ডিং রুলস সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে৷ তাতে এখন ১৮ মিটার উঁচু বাড়ি নির্মাণ করা যাবে৷ শুধু তাই নয় এর থেকেও উঁচু বাড়ি নির্মাণ করা সম্ভব৷ কিন্তু, এক্ষেত্রে বাড়ি নির্মাণের সমস্ত নিয়ম কানুন পালন করতে হবে৷ ওই নিয়ম কানুন পালন করে রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, সমগ্র পূর্বোত্তর ভূমিকম্প প্রবণ পাঁচে রয়েছে৷ কিন্তু, গুয়াহাটিতে অতি উচ্চ তল বিশিষ্ট বাড়ি নির্মাণ হয়েছে৷ মুখ্যমন্ত্রী প্রশ্ণ তুলে বলেন, গুয়াহাটিতে সম্ভব হলে এরাজ্যে কেন তা সম্ভব হবে না৷
সংশোধিত বিল্ডিং রুলস সম্পর্কে নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার জানিয়েছেন, নয়া নিয়ম অনুযায়ী ১৪৫ মিটার উচ্চতার বদলে এখন ১৮ মিটার উঁচু বাড়ি নির্মাণ করা যাবে৷ অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পুর ও নগর সংস্থাগুলিকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে৷ ১৮ মিটারের থেকেও উঁচু বাড়ি নির্মাণের ক্ষেত্রে সমস্ত নিয়ম পালন করে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে৷ পাশাপাশি পুরনো বহুতলের ক্ষেত্রে ভূমিকম্প রোধক সংস্কারের ব্যবস্থা রাখা হয়েছে৷ ফলে, এখন পুরনো বহুতলগুলিকেও ভূমিকম্প রোধক সংস্কারের মাধ্যমে আইনী বৈধতা মিলবে৷ বেআইনী নির্মাণের ক্ষেত্রে কুড়ি শতাংশ জরিমানা এবং সমস্ত সুরক্ষা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ওই নির্মাণ কার্য আইনী অনুমোদন আদায় করতে পারবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top