চার কোটি টাকার ইয়াবা ট্যাবেলট সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ

সিপাহিজলা (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরা পুলিশ প্রায় চার কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ দুই নেশা কারবারিকে আটক করেছে।
সোমবার বিকেলে ত্রিপুরার সিপাহিজলা জেলার অন্তর্গত সোনামুড়া থানার পুলিশ কুলুবাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট-সহ দুই ব্যক্তিকে আটক করেছে। এদের একজনের নাম আমজাদ হোসেন। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার গাবতলি এলাকায়। অপর যুবকের নাম ইমান হোসেন। তার বাড়ি কুলুবাড়ি এলাকায় বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব প্রদানকারী পুলিশ অফিসার শ্রীকান্ত চক্রবর্তী। তাদের কাছ থেকে মোট ৩৯,৯০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। এগুলোর বাজারমূল্য ৩ কোটি ৯৯ লক্ষ টাকা বলে জানিয়েছেন অফিসার। জঙ্গলে বসে এই দুই যুবক ট্যাবলেটগুলি প্যাকেটিং করছিল বলেও জানান তিনি।
এই মাদকগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তাছাড়া এর সঙ্গে আর কে কে জড়িত, তা জানতেও পুলিশ তাদের জেরা করছে বলে জানা গেছে।